বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি এওয়ার্ড ২০২৫ এর লীড স্পন্সর ‘গ্যালাক্সি’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

দেশের অন্যতম ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি এওয়ার্ড’ (BTTHA) ২০২৫ এর লীড স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে দেশের ভ্রমণ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্যালাক্সি এবং পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজনের হসপিটালিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে।

দেশের ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা শিল্পে একমাত্র স্বীকৃত এই পুরস্কার প্রোগ্রামটি এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে মনিটরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। গ্যালাক্সি গ্রুপের পক্ষে লীড স্পন্সর চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ। অন্যদিকে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পক্ষে হসপিটালিটি চুক্তিতে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার ডেভিড ও'হ্যানলন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আশা প্রকাশ করেন যে, এওয়ার্ড প্রোগ্রামের সঙ্গে গ্যালাক্সি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার যুক্ত হওয়ার ফলে এওয়ার্ডের মর্যাদা ও পরিসর আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে ভ্রমণ ও আতিথেয়তা শিল্পের উৎকর্ষতা অর্জন এবং উত্তম চর্চাকে আরো উৎসাহিত করবে।

গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন যে, পর্যটন এবং আতিথেয়তা সেক্টরে উদ্ভাবন, পরিষেবার মান এবং টেকসই উন্নয়নকে স্বীকৃতি প্রদানকারী একটি মহতী উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে তার প্রতিষ্ঠান আনন্দিত।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড ও'হ্যানলন, বিশ্বমানের আতিথেয়তা প্রদানের পাশাপাশি অসাধারণ অর্জনকে স্বীকৃতি প্রদান করে এমন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেন।

চলতি বছর ২৫টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যাক্তিকে পুরষ্কারের জন্য মনোনীত করা হয়। পুরষ্কারের জন্য আবেদন করেছেন শুধুমাত্র এমন ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকেই বিবেচনা করা হবে। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী অভিজ্ঞ ব্যাক্তিদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং পাবলিক ভোটিং এর ভিত্তিতে বিজয়ীদের মনোনীত করবেন।

এবছর নতুন দু’টি বিশেষ ক্যাটাগরি যুক্ত করা হয়েছেঃ সর্বাধিক পর্যটন বান্ধব বিদেশী গন্তব্য এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় পর্যটন স্পট। সরাসরি পাবলিক ভোটিং এর মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।

বাংলাদেশের পর্যটন ইকোসিস্টেমের উন্নয়নে যেসকল ব্যাক্তি বা প্রতিষ্ঠান তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন তাদের সম্মাননা জানানোর উদ্দেশ্যে বাংলাদেশ মনিটর ২০২৪ সালে প্রথম এই পুরষ্কারের প্রবর্তন করে। প্রথমবারের সাফল্যের উপর ভিত্তি করে এবছর আরো বৃহত্তর পরিসরে এর আয়োজন করা হচ্ছে, যেখানে অধিক সংখ্যক অংশগ্রহণ নিশ্চিত করা এবং আরো বেশি মাত্রায় আন্তর্জাতিকভাবে দৃশ্যমান করার প্রচেষ্ঠা নেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত