কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে প্রশাসক নিয়োগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ এএম

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মাহমুদুল হাসানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। তবে এ সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না। ফলে বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে প্রশাসক নিয়োগের আবেদন না মঞ্জুরের বিরুদ্ধে আপিল আবেদন পাওয়া গেছে। একটি রিট পিটিশনে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রশাসক নিয়োগের আবেদনটি নিষ্পত্তি করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এর সংঘস্মারক ও সংঘবিধির ১৬ (ক) ও ১৬ (খ) ধারা উপেক্ষা করে কার্যক্রম পরিচালিত হচ্ছে মর্মে আপিল শুনানিতে প্রতীয়মান হওয়ায় আপিল আবেদনটি মঞ্জুর করা হয়েছে।

ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক মাহমুদুল হাসানকে সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি আগামী ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত