ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক শোকবার্তায় একথা বলেন।
নেতারা বলেন, শরিফ ওসমান হাদি কেবল একজন সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের এক স্বপ্নদ্রষ্টা। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথের লড়াই থেকে শুরু করে জনমত গঠনে তার সাহসী ভূমিকা দেশবাসীর হৃদয়ে চিরজাগরূক থাকবে। দেশের এই ক্রান্তিলগ্নে তার মতো একজন ত্যাগী ও দেশপ্রেমিক তরুণের বিদায় জাতির জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।
তারা বলেন, ওসমান হাদির অকালপ্রয়াণে দেশ এক নির্ভীক, আপোসহীন ও প্রগতিশীল রাজনৈতিক কণ্ঠস্বর হারাল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কাল নৃশংস হত্যাকাণ্ড একটি কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্র ও সহিংস রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শহীদ শরীফ উসমান হাদির রক্ত বৃথা যাবে না। তার আদর্শ, সাহস ও গণতান্ত্রিক সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং সকল সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রেরণা জোগাবে।
