ছায়ানটে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মুখ খুললেন অর্ণব

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা সংবাদমাধ্যমের অফিসসহ ধানমন্ডির ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর চালায়।

ছায়ানটে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এক ফেসবুক পোস্টে গায়ক লিখেছেন, ‘আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিতে হবে। নইলে আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব। দেখুন ওরা ছায়ানটের কী অবস্থা করেছে! আমাদের পাল্টা লড়াই করার একমাত্র উপায় হলো ভোট দেওয়া এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করা।’ 

ছায়ানট ভাঙচুরের একাধিক ছবি, ভিডিও সংবাদমাধ্যমে ভাইরাল। যেখানে দেখা যায়, তানপুরা ভেঙে দুই টুকরো হয়ে পড়ে, কোথাও ভেঙে ফেলা কার্পেটের উপর পড়ে রয়েছে হারমোনিয়াম। পুড়িয়ে দেওয়া হয়েছে গানের লাইব্রেরীসহ অন্যান্য বই নথিপত্র। বাদ যায়নি চেয়ার টেবিল।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত করা হয় ছায়ানট। প্রায় ৬৪ বছর বিভিন্ন ইতিহাস সংগ্রামের সাক্ষী ছায়ানট।

এদিকে ‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় হামলা ও ভাঙচুর হওয়া ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি জানিয়েছেন, ছায়ানটে হামলা করা ব্যক্তিদের সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত