১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান পায়। সে ইতিহাস আমাদের সাহস আর বীরত্বের ইতিহাস। এই যুদ্ধে মুক্তিযোদ্ধারা যেমন অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন তেমনি নিরস্ত্র সাধারণ মানুষও ভয়কে জয় করে মুক্তিযোদ্ধাদের পাশে থেকেছেন। এদের মধ্যে শিশু-কিশোরদের সংখ্যাও কম নয়। তারা যেমন তথ্য দিয়ে, পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধি জানিয়ে, মুক্তিযোদ্ধাদের জিনিসপত্র বহন করে সহযোগিতা করেছে তেমনি অস্ত্র হাতে যুদ্ধও করেছে। তাদের বীরত্বের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক রাষ্ট্রীয় খেতাবও লাভ করেছে। এমন ১১ জন ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত কিশোর-কিশোরীর মুক্তিযুদ্ধের কাহিনি তুলে ধরেছেন শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা তার বিচ্ছু বাহিনী বইয়ে।
মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোতে বাংলাদেশের ঘরে ঘরে, পথে-মাঠে-ঘাটে জন্ম হয়েছিল অবিশ্বাস্য সব গল্পের। সে গল্প লড়াই আর বেঁচে থাকার। বুদ্ধি, সাহস, আত্মত্যাগের। ‘বিচ্ছু বাহিনী’ বইয়ে তোমরা পাবে তেমন কয়েকটি গল্প, যেগুলো আদৌ গল্প নয়। সত্যি কাহিনি, কিন্তু গল্পের থেকেও রোমাঞ্চকর। বইটি তোমাদের ভালো লাগবে।
