দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ মিনিস্টার ফর ইন্দো প্যাসিফিক রিজিওনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে প্রবাসীদের ভোটাধিকার, জাতীয় নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারের দায়িত্বশীল ভূমিকার ওপরও জোর দিয়ে জামায়াত আমির বলেন, ‘কিছু শঙ্কা কিছু অপুর্ণতা নিয়ে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলাম।’ বৈঠকে আলোচনার বিষয় তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ নির্বাচনে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।’
জামায়াত আমির বলেন, ‘আগামীতে দেশে সুশাসন কায়েম হওয়া, গণতন্ত্র তার মজবুত ভিত্তি পাওয়া, আইনের শাসন এবং সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হওয়া, দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা এবং পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো তারা আশ্বস্ত করেছেন একটি সুষ্ঠ নির্বাচনের জন্য তাদের পক্ষ থেকে যতদূর সম্ভব সর্বোচ্চ সহযোগিতা তারা দেবেন।’
প্রবাসীদের ভোটাধিকার ও বিভিন্ন দাবি আদায়ে জামায়াত কাজ করছে উল্লেখ করে তিনি জানান, দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা চলছে।
তিনি বলেন, ‘আমাদের দেশটি যাতে আনস্টেবল থাকে, এজন্য পরিকল্পিতভাবে কোনো কথা থেকে এরকম জিনিস প্রোপাগন্ডা হিসেবে স্প্রেড করা হয়। যেটাকে আমরা আসলেই গ্রহণ করতে পারি না। আমরা আশা করি, ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন হবে।’
জুলাই যোদ্ধা ও ইনকিলাম মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে জামায়াত আমির জুলাই বিপ্লবীদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বানও জানান। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
