ক্রিকেট মাঠে সাকিব আল হাসান 'নিখোঁজ'

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

এমআই এমিরেটসের একাদশে ফিরে প্রত্যাশিত প্রভাব ফেলতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার পাশাপাশি বল হাতেও ছিলেন নিষ্প্রভ। তবে ব্যক্তিগত হতাশার মাঝেও দল পেয়েছে গুরুত্বপূর্ণ জয়।

আইএল টি-টোয়েন্টিতে শনিবার আবু ধাবিতে আবু ধাবি নাইট রাইডার্সকে ৩৫ রানে হারিয়েছে কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন এমআই এমিরেটস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে এমিরেটস। শুরুটা শক্ত করে দেন দলের শীর্ষ চার ব্যাটারই। মুহাম্মাদ ওয়াসিম ৩৬ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৬ বলে ৩৮, টম ব্যান্টন ২৮ বলে ৩৮ এবং নিকোলাস পুরান ২৪ বলে অপরাজিত ৪০ রান করেন। পাঁচ নম্বরে নেমে পোলার্ডের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৮ রান।

লক্ষ্য তাড়ায় নাইট রাইডার্স ১০ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে ভালো অবস্থানে ছিল। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দ হারায় তারা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫২ রানের বেশি করতে পারেনি দলটি।

চার ম্যাচ পর একাদশে ফেরা সাকিব ব্যাটিংয়ের সুযোগ পাননি। বল হাতে দুই ওভার করে ২০ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। এই টুর্নামেন্টে এটিই সাকিবের দ্বিতীয় ম্যাচ। এর আগে শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে ১২ বলে ১৬ রান করার পর তাকে রিটায়ার্ড আউট করা হয়েছিল—দীর্ঘ ক্যারিয়ারে যা ছিল তার প্রথম অভিজ্ঞতা।

নাইট রাইডার্সের ইনিংসের তৃতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই ব্র্যান্ডন ম্যাকমুলানের কাছে স্লগ সুইপে ছক্কা হজম করলেও পরের পাঁচ বলে মাত্র ৩ রান দেন। পাওয়ার প্লের শেষ ওভারে আবার বোলিংয়ে এসে শুরুটা নিয়ন্ত্রিত রাখলেও শেষদিকে ম্যাকমুলানের আরেকটি ছক্কায় ওভারটিতে মোট ১১ রান দেন তিনি। এরপর আর বল করার সুযোগ পাননি।

এমিরেটসের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন জাহুর খান। তিনি চার ওভারে মাত্র ১৬ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।

এই জয়ে সাত ম্যাচে এমআই এমিরেটসের চতুর্থ জয় নিশ্চিত হলো, যা তাদের টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত