ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ আসামিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে একই আদালত এই মামলায় রিমান্ড শেষে রেন্ট-এ কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গত ১৫ ডিসেম্বর আদালতের আদেশে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদা আহমেদ সিপুকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পরিচিতি পাওয়া ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গত ১২ ডিসেম্বর আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। ওইদিন দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর সিঙ্গাপুরে কয়েক দিন চিকিৎসাধীন
থাকার পর গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়। গতকাল শনিবার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
গতকাল পাঁচ দিনের রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে। ওসমান হাদি হত্যা মামলায় আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহযোগিতার করায় গত বৃহস্পতিবার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউরা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ১৬ ডিসেম্বর ফয়সালের বন্ধু কবির ওরফে দাঁতভাঙা কবিরকে সাত দিনের এবং বুধবার ফয়সালকে মাইক্রোবাস ভাড়া করে দেওয়া মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে তিন দিনের রিমান্ডে নেয় ডিবি পুলিশ। অন্যদিকে গত বুধবার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোছা. হাসি বেগম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
