প্রেম থেকে বিরহ, জমিয়ে পার্টি, সবেতেই ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গানের জুরি মেলা ভার। এবার পালা চিত্র পরিচালক হিসেবে দর্শকের মনে জায়গা করার। হ্যাঁ, অনেক দিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সিনেমা নির্মাণ করছেন অরিজিৎ। তার প্রথম সিনেমার নাম ‘সা’ এখনো মুক্তি না পেলেও ‘ভয়’ নামের নতুন একটি প্রকল্পে হাত দিয়েছেন। আর এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকীর। তবে ছবিতে শুধু শোরা নয়, নওয়াজও নাকি অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যেই চলচ্চিত্রটির কাজ অনেকটা এগিয়ে গেছে। শুটিংয়ের কাজের মাঝেই অরিজিৎ চলে যান বিদেশে। আর সেখান থেকে ফিরে আবার শ্যুটিং শুরু করবেন গায়ক। এই ছবি মূলত তিনটি গল্প নিয়ে তৈরি হবে। সম্প্রতি বিমানের বিজনেস ক্লাসে নিজস্বীতে সৌরভ গাঙ্গুলির নজর কাড়েন সস্ত্রীক অরিজিৎ। দক্ষিণ আফ্রিকাগামী এক বিমানে তাদের এক সঙ্গে দেখা যায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলেছে ঝঅ২০ লিগ। সেখানেই প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে দেখা মিলবে মহারাজের।
