ফেনীতে আদালতের সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ এএম

ফেনীর ফতেহপুর এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সেরেস্তাদার এনামুল হকের মরদেহ গতকাল সোমবার উদ্ধার করেছে পুলিশ। নিহত এনামুল হক সদর উপজেলার নগরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি পরিবারের সঙ্গে শহরের বারাহিপুর এলাকার ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক বাকপ্রতিবন্ধী ফতেহপুর এলাকায় রেললাইনের পাশে ঝোপের মধ্যে একটি গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে এহসানুল হক সৈকত জানান, গতকাল সকাল ৭টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন তার বাবা। বেলা সাড়ে ১১টার দিকে বাবার ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম জানান, পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত