আবার মোহামেডান বসুন্ধরা দ্বৈরথ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম

সেই ২৩ সেপ্টেম্বর ফেডারেশন কাপের প্রথম ম্যাচ খেলেছিল বসুন্ধরা কিংস। এরপর বাংলাদেশ ফুটবল লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগের ১০ ম্যাচ খেলে ফেলেছে গত মৌসুমের ফেডারেশন কাপ জয়ীরা। লিগে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। তবে চ্যালেঞ্জ লিগের তিন ম্যাচে হেরেই বিদায় নিতে হয়েছে। পাক্কা দুই মাস পর আজ ফের ফেডারেশন কাপের ম্যাচ খেলতে নামবে বসুন্ধরা। প্রতিপক্ষ মোহামেডান। যে ম্যাচটি দুদলের খেলার কথা ছিল গত সপ্তাহে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে নানা নাটকীয়তায় ম্যাচ ফিরেছে পূর্ব নির্ধারিত ভেন্যুতে। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ দুপুর আড়াইটায় শুরু হবে মৌসুমে তৃতীয় মোহামেডান-বসুন্ধরা ম্যাচ। এর আগের দুবারই বসুন্ধরা জিতেছে। প্রথমটি চ্যালেঞ্জ কাপে, দ্বিতীয়টি ১২ ডিসেম্বর লিগের ষষ্ঠ রাউন্ডে।

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের কুচকাওয়াজের জন্য কুমিল্লা স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে করার পরিকল্পনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বিজয় দিবসের দিনে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় অন্য দায়িত্বে থাকবে বলে মাঠে নিরাপত্তা দিতে পারবে না জানালে, বাফুফে দর্শকবিহীন মাঠে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়। যা মোহামেডান মেনে নেয়নি। তাই ১৬ ডিসেম্বর ম্যাচটি আয়োজিত হয়নি। এক সপ্তাহ পিছিয়ে আজ কুমিল্লায় হবে তা।

এ ম্যাচটা আগের দুই হারের ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ মোহামেডানের। তিন দিন আগেই বসুন্ধরা লিগের ম্যাচে হেরেছে বাংলাদেশ পুলিশ এফসির কাছে। লিগে সেটি ছিল তাদের প্রথম হার। তাই কিছুটা বিধ্বস্ত বসুন্ধরাকে পাওয়ার আশা করতেই পারে মোহামেডান। যদিও বসুন্ধরার কাছে ২-০ গোলে হারার পর শেষ রাউন্ডে তারা আরামবাগের কাছে পয়েন্ট খুইয়েছে। সব মিলিয়ে সাদা-কালোদের অবস্থাও খুব ভালো নয়।

ফেডারেশন কাপের বি গ্রুপের শীর্ষে আছে ফর্টিস এফসি। বসুন্ধরাকে রুখে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে মোহামেডানের সঙ্গেও ১-১ করে তারা। এরপর তৃতীয় ম্যাচে তারা আরামবাগকে ৪-০-তে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে পাঁচ পয়েন্ট নিয়ে। মোহামেডান প্রথম ম্যাচে পুলিশকে ৩-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ফর্টিসের সঙ্গে ড্র করে চার পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে। পুলিশ প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে আরামবাগকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে কোয়ালিফায়ার্সের রেসে। সে দিক থেকে দেখলে বসুন্ধরার জন্য কাজটা সহজ নয়। কোয়ালিফায়ার্সের রেসে থাকতে তাদের প্রয়োজন জয়। হেরে গেলে কঠিন হবে হিসাব মেলানো। ড্র করলে অবশ্য সম্ভাবনা থাকবে। নিজ আঙিনায় ১২ ডিসেম্বর মোহামেডানকে ২-০-তে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ মাঠে নামবে গতবারের সেরারা।

আজ ফেডারেশন কাপের আরও দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বাফুফে সূচিতে পরিবর্তন এনেছে মোহামেডান-বসুন্ধরা ম্যাচের তারিখ পরিবর্তন হওয়ায়। বদলি শিফট করে আজ কিংস অ্যারেনায় পূর্ব নির্ধারিত ব্রাদার্স ও পিডব্লিউডি এবং কুমিল্লায় রহমতগঞ্জ ও আবাহনীর ম্যাচটি নেওয়া হয়েছে ৩০ ডিসেম্বর। সেদিনের নির্ধারিত ম্যাচগুলো এক সপ্তাহ পিছিয়ে হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত