উপদেষ্টা পরিষদের রদবদলের খবর গুজব

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ এএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রদবদল হওয়ার যে খবর চাওর হয়েছে তা সঠিক নয় বলে নীতি নির্ধারক পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সরকারের প্রভাবশালী একজন উপদেষ্টা দেশ রূপান্তরকে জানান, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এ মুহূর্তে এমন কোনো পরিকল্পনা নেই।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম নেতা শরিফ ওসমান হাদি হত্যার জেরে সংগঠনটির দাবির মুখে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়। এতে বলা হয় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীকে কৃষি মন্ত্রণালয়ে এবং স্বরাষ্টের দায়িত্ব দেওয়া হতে পারে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি পুলিশের উচ্চ পদেও রদবদলের সিদ্ধান্ত শিগগির কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়।

বিষয়টি নিয়ে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে খোঁজ নিয়ে এর সত্যতা মেলেনি।

গতকাল বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যাওয়ার আগে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে বিষয়টি সর্ম্পকে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ পুণর্গঠন সংক্রান্ত কোনো খবর তার কাছে নেই।

গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় হাদির মাথায় গুলি করা হয়। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদির হত্যার খবর ছড়িয়ে পড়লে ওই দিন রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় ছায়ানট ও উচীদীর কার্যালয়। দেশের বিভিন্ন স্থানেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে হাদির খুনিদের ধরতে সরকারের পদক্ষেপ জানাতে স্বরাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবি জানায় ইনকিলাব মঞ্চ।

গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। এরপর তাকে সরিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত