নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে ফের নাটকীয়তা দেখা দিয়েছে। অত্র আসনে প্রাথমিক তালিকায় শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদের নাম শোনা গেলেও পরবর্তীতে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম শোনা যায়। তবে কয়েকদিনের ব্যবধানে বুধবার অত্র আসনের বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়নি। গত ৯ দিনের ব্যবধানে ৩ জন মনোনয়ন প্রত্যাশীর দলীয় মনোনয়ন লাভের খবরে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
জানা গেছে, বিএনপির প্রাথমিক তালিকায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তবে সে সময় অত্র আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শিল্পপতি মাসুদের মনোনয়নের বিরোধিতা করে একজোট হন। তবে কয়েকদিনের ব্যবধানে মহানগরের সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু শিল্পপতি মাসুদের পতাকাতলে শামিল হন।
এদিকে গত ১৬ ডিসেম্বর আকস্মিক সংবাদ সম্মেলন করে নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। এতে করে অত্র আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নাটকীয়তা দেখা দেয়। পরে মাসুদের অনুগামীরা তাকে প্রার্থিতা বহালের দাবি জানিয়ে আন্দোলন করতে থাকলে ১৯ ডিসেম্বর আবারো নির্বাচন করার ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। তবে এই নাটকীয়তার রেশ কাটতে না কাটতে ২০ ডিসেম্বর অত্র আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও তার অনুগামীরা পোস্ট দিতে থাকেন দল থেকে মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাখাওয়াত দলের মনোনয়নের জন্য জামানতের ৫৫ হাজার টাকা জমা দেয়ার স্লিপের ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। তবে সে সময় শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদও গণমাধ্যমকে জানান প্রাথমিক তালিকা অনুযায়ী তিনিই বহাল রয়েছেন। এরপর থেকে অত্র আসনে বিএনপির দুই প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও এডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপি মনোনীত প্রার্থী পরিচয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন।
তবে বুধবার সকালে অত্র আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালামের পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন অত্র আসনে সাবেক এমপি এডভোকেট আবুল কালামকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাক্ষরিত দলীয় মনোনয়ন ফরমও ফেসবুকে পোস্ট করেন।
এদিকে গত ৯ দিন ধরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থিতা নিয়ে নানা নাটকীয়তায় বিএনপি নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন অত্র আসনে বিএনপি অফিসিয়ালি কোন ঘোষণা না দেয়ায় কে চূড়ান্ত মনোনয়ন পেয়েছে সেটা নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি রয়েই গেছে।
ঘন কুয়াশার কারণে মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষ
আখাউড়ায় বিএনপির আনন্দ মিছিল