নরসিংদীর শিবপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ( ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শাষপুর (ইটাখোলা) এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর এলাকার মৃত মিজাম উদ্দিনের ছেলে মো. ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), মো. শুক্কুর মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে মো. জীবন মিয়া (২৪) এবং মুন্সিগঞ্জের গজারিয়ার গোয়ালগাঁও এলাকার কাউছার খানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। মনোয়ারা বেগম পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুরে হারুনের ভাড়া বাসায় বসবাস করেন।
গোয়েন্দা পুলিশ জানায়, বিকালে ঢাকা-সিলেট মহাসড়ককের শিবপুরে চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে পাঁকা রাস্তা উপর থেকে ১৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি গাড়িসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকা থেকে মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
