বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ও বুধবার থেকে ট্রেন ও বিভিন্ন গণপরিহনে পর্যায়ক্রমে নেতাকর্মীরা ঢাকায় যাত্রা করছেন। কেউ দলীয়ভাবে আবার কেউ ব্যক্তিগত উদ্যোগেও রাজধানীতে আসছেন।
জেলার দলীয় সূত্র জানা গেছে, টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬.৫৫ মিনিটে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে আসে।
এছাড়াও টাঙ্গাইল শহর থেকে বৃহস্পতিবার ভোর থেকে কয়েক শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা ঢাকায় আসছেন। এসময় নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানকে এক নজর দেখার প্রত্যাশায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
