মাকে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি রাজধানীর ৩০০ ফিটে দলের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা শেষে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি অনুষ্ঠানের মঞ্চে ওঠেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীসহ লাখো জনতার অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি বক্তব্য শুরু করেন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা।

এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরপাত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিলেও নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। এ সময় হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। পারিবারিক এ মিলনের পর বিএনপি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।

এরপরই পরিবারকে বিদায় দিয়ে লাল-সবুজ গাড়িতে ওঠেন তারেক রহমান। তার গাড়িবহর যৌথবাহিনীর কড়া নিরাপত্তায় ৩০০ ফিটের দিকে আগায়। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত