রেলরাইনের ওপর সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা, সেনাসদস্য সাবেক স্বামী আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

নাটোরের লালপুর উপজেলায় রেললাইনের ওপর সাবেক স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে তার সাবেক স্বামী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আব্দুলপুর থেকে নাটোরগামী রেলপথের সেকশন ২২৫/২ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণী তাম্মি (২০) উপজেলার চন্দপইল ইউনিয়নের নাভিরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে এবং আব্দুলপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অভিযুক্ত রবিন (২৫) একই ইউনিয়নের চণ্ডীগাছা গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তাম্মি ও রবিনের বিয়ে হয়। বিয়ের ছয় মাসের মাথায় তাদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্ট হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে ডিভোর্স হয়। বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এরপরও রবিন বিভিন্ন সময় তাম্মির সঙ্গে যোগাযোগ করে আসছিল।

ঘটনার দিন সকালে রবিন ফোন করে তাম্মিকে দেখা করার জন্য ডাকে। তাম্মি কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এবং দাদিকে জানান যে, তিনি রবিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পরে শোভ ও রাগদাহ এলাকার মাঝামাঝি রেললাইনের ওপর সেকশন ২২৫/২ স্থানে রবিন ধারালো অস্ত্র দিয়ে তাম্মির গলা কেটে হত্যা করে।

হত্যার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা শোভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রবিনের শরীর, শার্ট ও হাতে রক্ত দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে রাখে এবং পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেন।

আব্দুলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান জানান, ঘটনার পর তারা রেল পুলিশকে বিষয়টি জানান এবং রেল পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আটক রবিনকে আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত