ঘরে তালা দিয়ে অগ্নিসংযোগ

বাঁচল না বিএনপি নেতার দগ্ধ আরেক মেয়ে স্মৃতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ এএম

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। গত বুধবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় তার ছোট মেয়ে আয়েশা আক্তার (৭-৮) ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। এ নিয়ে এ ঘটনায় বেলালের দুই মেয়ে প্রাণ হারাল।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী স্মৃতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর রাতে চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই ছোট মেয়ে আয়েশা মারা যায়। দগ্ধ হয় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং মেজো মেয়ে সায়মা আক্তার বিথি (১৪)।

স্মৃতির শরীরের ৯০ শতাংশ এবং বিথির সামান্য অংশ দগ্ধ হয়েছিল। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও স্মৃতি ও বিথিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। বিথি সুস্থ হয়ে ছাড়া পায়, কিন্তু স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানে।

এদিকে, গত মঙ্গলবার রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করেছে, যার মধ্যে দুটি লক করা অবস্থায় ছিল। ঘটনার তদন্ত চলছে।

ঘটনার পর পোড়া বাড়ি পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের অন্য নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ‘ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিও মারা গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত