১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম

দীর্ঘ ১৯ বছর পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে পৌঁছে তিনি বাবার কবর জিয়ারত এবং ফাতিহা পাঠ করেন।

এ সময় তার সঙ্গে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুর ২টা ৫৩ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়। পথে লাখো নেতাকর্মী দুই হাত নাড়িয়ে তাকে অভিবাদন জানান। গাড়ি থেকে তারেক রহমানও দু'হাত নেড়ে তাদের স্বাগত জানান। এতে তার জিয়া উদ্যানে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে এলাকা ছেয়ে গেছে।

জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে সবশেষ ২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত