হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় একটি বিদেশি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করে। ইরানের বিচার বিভাগের এক প্রাদেশিক কর্মকর্তা মোজতবা গাহরামানি জানান, জাহাজটিতে প্রায় ৪০ লাখ লিটার বা ২৫ হাজার ব্যারেল চোরাচালান করা জ্বালানি তেল ছিল। অভিযানের সময় জাহাজটির ১৬ জন বিদেশি নাবিককে আটক করা হয়েছে।
হরমুজ প্রণালী এলাকায় প্রায়ই তেলবাহী জাহাজ জব্দ করে থাকে ইরান। গত নভেম্বরেও অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে প্রণালী অতিক্রমকালে একটি জাহাজ আটক করা হয়েছিল। পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে ২০১৯ সালে একাধিক ট্যাংকারে লিম্পেট মাইন হামলার অভিযোগ তুলেছিল। পাশাপাশি ২০২১ সালে ইসরায়েল-সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে ড্রোন হামলায় দুই ইউরোপীয় নাবিক নিহত হওয়ার ঘটনাতেও তেহরানকে দায়ী করে তারা।
দীর্ঘদিনের পশ্চিমা দেশগুলোর সঙ্গে বিরোধ, গাজা পরিস্থিতি এবং ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে অঞ্চলটি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। উল্লেখ্য, পারস্য উপসাগরের প্রবেশমুখ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে বাণিজ্যিকভাবে পরিবাহিত মোট তেলের প্রায় ২০ শতাংশ যাতায়াত করে। এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ করে দেওয়ার হুমকি অতীতে বহুবার দিয়েছে তেহরান, যদিও যুক্তরাষ্ট্রের বাহরাইনভিত্তিক পঞ্চম নৌবহর দীর্ঘদিন ধরেই অঞ্চলটির জলপথ নিরাপদ রাখতে টহল দিয়ে যাচ্ছে।