ভরদুপুরে ঘরে মিলল মা-মেয়ের ঝুলন্ত মরদেহ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ এএম

বগুড়ার সোনাতলা উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে উপজেলার জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সোনাতলা থানার ওসি মো. কবির হোসেন। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরী কামরুজ্জামানের স্ত্রী চায়না খাতুন (৩২) এবং তাদের মেয়ে খাদিজা (১৫)। খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার জুমার নামাজের পর পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন মা ও মেয়েকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত সোনাতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য মো. সদরুল আমীন লিমন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চায়না ও তার মেয়ে খাদিজা স্বাভাবিক জীবনযাপন করতেন। ছোট মেয়েটি এ বছর সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছিল। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক।’

প্রতিবেশীরা জানান, চায়না খুবই ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এমন ঘটনা কেউ কল্পনাও করেনি। সকালে তাদের কাউকে অস্বাভাবিক মনে হয়নি। পারিবারিক কোনো সমস্যার কথাও আগে শোনা যায়নি।

সোনাতলা থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক কলহ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত