ইসি মাছউদ বললেন

যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে ইসি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে আজ শনিবার নির্বাচন কমিশনে যাবেন। তার ভোটার হতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

গতকাল শুক্রবার গণমাধ্যমকে ইসি মাছউদ বলেন, ইসি চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। ভোটার হতে তারেক রহমান শনিবার নির্বাচন ভবনে আসবেন কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘এনআইডি রেজিস্ট্রেশন’ করতে নির্বাচন কমিশনে যাবেন। তবে তার আগে বেলা ১১টায় তিনি ইনকিলাব মঞ্চ মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির করব জিয়ারত করবেন। এ সময় বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা সঙ্গে থাকবেন। এনআইডি রেজিস্ট্রেশনের পর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যাবেন তিনি।

তারেক রহমানের নিটোরে যাওয়া উপলক্ষে গতকাল একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে সেনা কর্মকর্তারা নিটোর পরিদর্শনে যান। নিটোরের পরিচালক ডা. মো. আবুল কেনান বলেন, একজন ব্রিগেডিয়ারের নেতৃত্বে সেনা কর্মকর্তারা নিটোরে আসেন। আমাকে তেমন কিছু বলেননি। তিনি আসবেন কি না, তাও আমি জানি না। সেনা কর্মকতারা এসে কিছু সময় ঘুরে দেখে চলে গেছেন। পরিচালক জানান, এই হাসপাতালে এখন আহত তিনজন জুলাই যোদ্ধা চিকিৎসাধীন রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত