কুমিল্লায় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের সাদ্দাম হোসেন (৩২), কোতোয়ালি থানার আলেখারচর এলাকার সুমন (৩০), বুড়িচং উপজেলার নজরুল ইসলাম দুলাল (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের সোলেমান ওরফে রুবেল (৩৫), নোয়াখালীর কবিরহাট এলাকার ফকির আহমেদ ওরফে আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুরের রায়পুর থানার চর আবাবিল গ্রামের মামুনুর রশিদ সোহাগ (৩৫) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহীন (২৫)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ১৪-১৫ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ডিবির এসআই পবিত্র সরকার, এসআই তৌকিক হোসেন ও এসআই অর্ণব কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড বারবোর কার্তুজ, একটি লোহার কাটার, একটি লোহার হাইড্রোলিক কাটার, কাঠের বাটযুক্ত একটি লোহার ধামা, একটি লোহার ছেনি, একটি লোহার দা ও দুটি ছুরি উদ্ধার করা হয়।

কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে। দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত