যুক্তরাষ্ট্রে বড়দিনকে ঘিরে চলছে অবকাশকালীন ভ্রমণের ব্যস্ততম সময়। অথচ শীতকালীন তীব্র ঝড়ের আশঙ্কায় দেশ জুড়ে হাজারো ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত দেশ জুড়ে প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়। দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউ ইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই আবহাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, নিউ ইয়র্ক লিবার্টি এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে। এ ছাড়া বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টোতেও ফ্লাইট ব্যাহত হয়েছে। জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ার লাইনস বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইনস যথাক্রমে ১৮০টি ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের প্রায় ১০০টি নির্ধারিত ফ্লাইটও বাতিল করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিমানবন্দর যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। নিউ ইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি তুষারপাত হতে পারে। এছাড়া লং আইল্যান্ড এবং উত্তর জার্সিতেও একই রকম পরিস্থিতি হতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। চালকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং জরুরি সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছেন। তবে যাদের যাত্রা করতেই হবে, তাদের উদ্দেশে তিনি বলেন, আগে থেকে পরিকল্পনা করুন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখুন। নিউ জার্সি ও কানেকটিকাটের গভর্নররাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
