যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছেন এম এ হালিম। এর আগে ২০১৮ ও ২০২৪ সালেও তিনি একই আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা এম এ হালিম টানা তিনবার দলীয় মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মনিরামপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এম এ হালিম নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনোনীত প্রার্থী দাবি করে বলেন, নির্বাচিত হলে উপজেলার দীর্ঘদিনের দুঃখ, সমস্যার সমাধান, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক মনিরামপুর গড়ে তুলতে চান। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
দলীয় সূত্র জানায়, নব্বইয়ের দশকের শেষের দিকে জাতীয় পার্টির দুঃসময়ে এম এ হালিম দলটিতে যোগ দেন। স্থানীয়ভাবে দলের মধ্যে কিছু গ্রুপিং থাকলেও তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করেছেন একাধিক নেতা।
খানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘এম এ হালিম তৃণমূলের নেতা-কর্মীদের নিয়মিত খোঁজখবর রাখেন। তিনি মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মীরা খুশি।’
