ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে রাতের আঁধারে কৃষি জমির মাটির কাটার অপরাধে দুইজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই কারাদণ্ডাশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকার ও এসিল্যান্ডের গাড়িচালক আবু হানিফের ছেলে ফয়সাল আহমেদ (২৩) ও একই ইউনিয়নের হৃদয় মিয়া (২১)।
উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের পাশের কৃষিজমি থেকে গত কয়েকদিন ধরে রাতের আঁধারে ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে যাচ্ছেন একটি চক্র। স্থানীয় লোকজন ও সচেতন মহল বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান স্বশরীরে একাধিকবার গুচ্ছগ্রাম এলাকার পরির্দশন গিয়েছেন। কিন্তু কাউকে না পাওয়ায় কোনো ব্যবস্থা নিতে পারেননি তিনি। গত শনিবার মাটি খেকোদের অবস্থানের খবর পেরে সহদেবপুর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। এসময় মাটির কাটার দায়ে ফয়সাল ও হৃদয়কে আটক করা হয়। পরে তাদের দুইজনকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়।
ফয়সালের বাবা এসিল্যান্ডের গাড়ির চালক প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান বলেন, সেটি আমার জানা নেই। আমি অপরাধীকে ঘটনাস্থলে পেয়েছি। অপরাধ অনুযায়ী সাজা দিয়েছি।
