চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে বিয়ের মাত্র চার মাসের মাথায় মোনা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভূজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আছিয়া চা বাগানের কচুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ মোনা আক্তার একই এলাকার বাসিন্দা চা শ্রমিক নাসির উদ্দিনের স্ত্রী।
স্থানীঢ ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন জানান, চার মাস আগে নাসির উদ্দিনের সঙ্গে মোনা আক্তারের বিয়ে হয়। ঘটনার আগের রাতে নাসির উদ্দিনের বোন মোনাকে দেখতে যান। তবে পরদিন সকালে কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়ভাবে জানা গেছে, প্রথমে অসুস্থতার কথা বলে মোনাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। পরে জানা যায়, স্বামীর বাড়িতে তার মরদেহ পাওয়া যায় এবং গলায় দাগের মতো কিছু আলামত দেখা যায়। বিষয়টি নিশ্চিত না হওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
পুলিশে খবর দেওয়ার আগেই স্বজনরা মোনাকে ভূজপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ দে জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
হাদির মৃ/ত্যু/র শোক কাটছেই না: কবরে প্রতিদিনই আসছে মানুষ