বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলামকে জামিন দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে জামিন দেন। উল্লেখ্য, বিএনপি থেকে শহিদুলের মুক্তি দাবিতে একটি বিবৃতি দেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তি তার মতপ্রকাশে স্বাধীন। আমরা বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করে আরছি। তাই তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
গত শনিবার শাহবাগ থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে আবেদনের পরিপ্রেক্ষিতে শহিদুলকে কারাগারে পাঠানো হয়। ১৭ বছর নির্বাসিত জীবনযাপন শেষে গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। গত শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি।
পুলিশের ভাষ্য, কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। পরে ঘটনাস্থল থেকে শহিদুলকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।
