দেশ অস্থির করে তোলার ষড়যন্ত্র হচ্ছে : ফখরুল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ একটা ক্রান্তিকাল সময় পার করছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্ত ছড়াচ্ছে আন্দোলন হচ্ছে ; কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পেছন থেকে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, আমাদের এই সময়টাতে সাবধান থাকতে হবে। যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই।’

গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদ আয়োজিত আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্মবোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবেনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

শেষ নির্বাচন মন্তব্য করে মহাসচিব বলেন, এটি আমার শেষ নির্বাচন। আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ তার জন্য দোয়া করবেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন ধর্মীয় আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত