রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। সময় বলে দেবে তিনি সেই সংকট কতটা কাটিয়ে উঠবেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে ব্রিফিংয়ে এ কথা বলেন খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় পরিবারের পক্ষ থেকে দোয়া চান তিনি। ডা. জাহিদ আরও বলেন, তারেক রহমানসহ তার পরিবারের সদস্যরা সবাই হাসপাতালে উপস্থিত ছিলেন। বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে যারা থাকেন, তারা পর্যবেক্ষণ করছেন।
এদিন রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাত ২টার দিকে স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বের হন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।
এদিকে, খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
প্রসঙ্গত, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হাসপাতাল-ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
