ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ এএম

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা হারুখালীর একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান অরনকোলা হাটপাড়া এলাকার আবু বক্করের ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।

এলাকাবাসী ও পারিবার সূত্র জানায়, গত রবিবার রাত থেকে মেহেদী হাসান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। গতকাল দুপুরে স্থানীয়রা বাড়ির অদূরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে হারুখালী এলাকার ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঈশ্বরদী থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, নিহত মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত