ইনকিলাব মঞ্চের কেউ প্রার্থী হবেন না

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ এএম

শহীদ শরিফ ওসমান বিন হাদির মতো যোগ্যতাসম্পন্ন না হয়ে ওঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, ‘কোনো সহানুভূতির ভিত্তিতে আমরা নির্বাচনে দাঁড়াতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনো দিন সহানুভূতির রাজনীতি করবে না।’ গতকাল সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই ঘোষণা দেন। তবে এই আসনে জামায়াত জোটের অংশ হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল সোমবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার, বিচার, দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আসন সমঝোতা হয়েছে। এনসিপির পক্ষে ৪৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা সবাই দক্ষ ও যোগ্য প্রার্থী। আমি শহীদ হাদির ঢাকা-৮ আসনে লড়তে যাচ্ছি। শত চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করে যাব।’

এর আগে বেলা সোয়া ২টা থেকে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চ। গত শুক্রবার থেকে প্রতিদিন শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভে সারা দেশ থেকে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন।

আবদুল্লাহ আল জাবের বলেন, অনেকেই ঢাকা-৮ আসনে ইনকিলাব মঞ্চের কাউকে নির্বাচনে প্রার্থী করার অনুরোধ করছেন। ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সাংস্কৃতিক আন্দোলন ও রাজনৈতিক চাপ সৃষ্টিকারী সংগঠন। শহীদ ওসমান হাদির ইনকিলাব মঞ্চ কোনো দিন ক্ষমতার কাছে নিজেকে বিক্রি করবে না। কোনো দিন ক্ষমতার মুখাপেক্ষী হবে না।

জাবের বলেন, ওসমান হাদি আগামী দিনে বাংলাদেশের রাজনীতির রূপরেখা বিনির্মাণ করতে এসেছিলেন। আগামী দিনেও বাংলাদেশের রাজনীতি কেমন হবে, তার রূপরেখা ঠিক করে দেবে ইনকিলাব মঞ্চ। যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করতে চান, তারা সফল হবেন না। তিনি বলেন, রাষ্ট্র যেন কম্বলের নিচে ঘুমাচ্ছে। কিন্তু জনগণ রাষ্ট্রের পাহারাদার হয়ে এখানে দাঁড়িয়ে আছে। ওসমান হাদি খুনের সঙ্গে যে রাঘববোয়ালরা জড়িত, তাদের নাম প্রকাশ করুন। জনগণ আপনাদের পাহারা দেবে। যদি কোনোভাবে রাঘববোয়ালদের সঙ্গে সমঝোতায় আসেন, তাহলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ক্ষমতায় থাকবেন না।

জাবের বলেন, ‘খুনিদের বিচার দাবিতে এখানে অবস্থান করছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে কেউ যাবেন না।’

গোয়েন্দা সংস্থা থেকে ভারতীয় গুপ্তচর অপসারণ দাবি : শহীদ হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার, নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমে থাকা ভারতীয় গুপ্তচরদের চিহ্নিত করে অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠন ‘মঞ্চ ২৪’। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির প্রতিনিধি ফাহিম ফারুকী।

এ সময় তিনি মঞ্চ-২৪-এর চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো শহীদ শরিফ ওসমান হাদির মূল খুনি ও সহযোগী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে ২৫ দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করতে হবে; নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার এবং সেখানে থাকা সব ভারতীয় গুপ্তচরকে চিহ্নিত করতে হবে; গণমাধ্যমে লুকিয়ে থাকা দেশবিরোধী ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে; বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন ও বাতিল করতে হবে এবং ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত