জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সম্প্রতি এনসিপির দুই একজন পদত্যাগ করেছেন, তাতে আমরা ব্যথিত। তাদের পদত্যাগপত্র এখনো অফিসিয়ালি গ্রহণ হয়নি। আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি তাদের সঙ্গে। এই আলাপ -আলোচনা চলমান রাখব। গতকাল সোমবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যদিয়ে জোটের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা এই সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেছেন তাদের আমরা শ্রদ্ধা করি। আমরা সবসময় সংখ্যাগরিষ্ঠতাকে যেমন শ্রদ্ধা করি, তেমনি বিরোধিতাকারীদের মতামতকেও শ্রদ্ধা করি।
তিনি আরও বলেন, এনসিপির নেতাকর্মীরা বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে সংস্কারকে বাস্তবায়নের জন্য স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছে সেই বিচারকে কার্যকর করা, একটা দুর্নীতিমুক্ত, আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমরা একতাবদ্ধ থেকে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান মনোনয়নপত্র গ্রহণ করেন।
