ডা. তাহের বললেন

নির্বাচনে জুলাইয়ের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ এএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘এবারের নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা রাইটিস্ট (ডানপন্থি) এবং ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি তারা সবাই আজ ঐক্যবদ্ধ।’

গতকাল সোমবার কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) নির্বাচনী আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. তাহের এ সময় আরও বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন বিগত দিনের যেকোনো নির্বাচনের চেয়ে আরও বেশি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু হবে। যাতে জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাক্সিক্ষত প্রার্থীকে ভোট দিতে পারবে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সাবেক জেলা আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি মু. সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শাহ মো. মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, ইঞ্জিনিয়ার মুজিবুল হক, ওয়াজিউল্লাহ ভূঁইয়া খোকন, মো. রুহুল আমিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত