নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।  এখন পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন ২ হাজার ৫৬৯ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী ৩৩১, জামায়াতে ইসলামীর প্রার্থী ২৭৬, জাতীয় পার্টি ২২৪, ইসলামী আন্দোলন ২৬৮, গণঅধিকার পরিষদ ১০৪, এনসিপি ৪৪ এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৪৭৮ জন।

গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে গতকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছরের মাথায় হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটও হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৯টি। তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে নিবন্ধন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দিতে আবার নিবন্ধনের সময় বাড়াল নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে নিবন্ধন করতে পারবেন প্রবাসী এবং ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর এ সময় বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।

গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়, যা প্রথম ধাপে ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকলেও পরে তা বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এরপর গতকাল এ সময় বৃদ্ধি করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত