থানা চত্বরে গরু চরাতে নিষেধ করায় পুলিশকে কুপিয়ে জখম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:০৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা চত্বরে গরু চরাতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কনস্টেবলকে কুপিয়ে জখম করেছেন এক যুবক।

এ ঘটনায় অভিযুক্ত বাহাদুর হোসেন বাদলকে আটক করছে পুলিশ। বাদল পার্শ^বর্তী লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। গতকাল বুধবার তথ্যটি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম।

জানা গেছে, বাদল নিয়মিত থানা প্রাচীরের ভেতরে গরু চরান। গরুগুলো থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুলের গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা-পুলিশের কথা কানে না তুলে গত মঙ্গলবার দুপুরেও কয়েকটি গরু নিয়ে থানা চত্বরে ঢোকেন। এ সময় কনস্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে থানা চত্বরে গরু না চরানোর কথা আবার স্মরণ করিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে কনস্টেবল শরিফুলকে কোপাতে থাকেন। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে তিনি জখম হন।

এ সময় তার চিৎকার শুনে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করেন।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন,  কয়েক বছর থেকেই বাদল থানা চত্বরে গরু চনান। গরু থানার আশপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও তিনি তোয়াক্কা করেননি। গত মঙ্গলবার কনস্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে থানায় ঢুকতে নিষেধ করায় তিনি শরিফুলকে কুপিয়ে জখম করেন। শরিফুলের মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত