প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নিজের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে প্রার্থী হতে গত সোমবার মনোনয়নপত্র জমা দেন তিনি। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়।
হলফনামা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে হাসনাত আবদুল্লাহর বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার নামে কোনো কৃষিজমি নেই। তবে ব্যাংকে তার নামে ২৬ লাখ টাকার সোনা রয়েছে। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ৬৫ হাজার টাকা।
পেশাগত পরিচয়ে নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন হাসনাত আবদুল্লাহ। হলফনামায় বলা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠানে মূলধন রয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার আয় থেকে পিতা-মাতা, স্ত্রী ও সন্তান ব্যয় নির্বাহ করেন। তবে তাদের নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ নেই। তার স্ত্রী গৃহিণী। হলফনামায় আরও উল্লেখ করা হয়, বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ বিচারাধীন নেই।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন হাসনাত আবদুল্লাহ। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চারবারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
নির্বাচন অফিস সূত্র জানায়, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। ১১৬টি ভোটকেন্দ্রের ৭২৫টি কক্ষে ভোটগ্রহণ হবে।
