ময়মনসিংহে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

ময়মনসিংহ সদর কোম্পানি র‌্যাব-১৪-এর একটি দল অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মাহফুজুর রহমান (৩০)। তিনি ফুলবাড়িয়া থানার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, মোবাইল ফোনের পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানাধীন বিদ্যানন্দ বদন ফকির মোড় এলাকায় মাহফুজুর রহমানের ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়াড়ির সক্রিয় সদস্য মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন অ্যাপস সংবলিত ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ও রকেট) সংযুক্ত ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত