ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আসমা শাহীন এ তথ্য জানান।
তিনি বলেন, নাটোর–১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মোট ১৩টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
তবে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন মো. আজাবুল হক (খেলাফত মজলিস), মো. সেন্টু আলী (গণসংহতি আন্দোলন) ও মো. বাবু হোসেন (বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দল)।
রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর ক্ষেত্রে নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, এক শতাংশ ভোটার তালিকা সংযুক্ত না করা, জামানতের অর্থ জমা না দেওয়া কিংবা দলীয় প্রার্থী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র দাখিল না করার মতো ত্রুটি পাওয়া গেছে।
তিনি আরও জানান, বিধি অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
