বছরের প্রথম লাইভ অনুষ্ঠানে দিঠি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

বহুমুখী প্রতিভার অধিকারী দিঠি আনোয়ার। একই সঙ্গে তিনি দেশের নন্দিত কণ্ঠশিল্পী, উপস্থাপক ও সমাজসেবিকা। টানা বেশ কয়েক মাস তারই দুই ছেলের যুক্তরাষ্ট্রের কলেজে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকায় তাকেও সেখানে থাকতে হয়েছে। দেশে ফিরেই দিঠি ব্যস্ত হয়ে উঠেছেন সংগীত পরিবেশনা ও উপস্থাপনায়। পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ তো রয়েছেই নিয়মিত। দেশে ফিরেই দিঠি বিটিভি, এনটিভি, গ্লোবাল টিভি, এশিয়ান টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। চ্যানেলগুলোয় তিনি গানও গাওয়ার পাশাপাশি উপস্থাপনাও করেছেন।

তবে আজ বছরের প্রথম শুক্রবার। এ কারণে বছরের দ্বিতীয় দিনে দেশটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’-এ পরিবেশন করবেন দিঠি আনোয়ার। অনুষ্ঠান শুরু হবে ঠিক বেলা ৩টায়। এবারের আয়োজনে দিঠি মূলত দেশাত্মবোধক, আধুনিক ও মৌলিক গান গাইবেন বলে নিশ্চিত করেছেন। যে গানগুলো তিনিই গাইবেন বলে জানান, সেই গানগুলো হচ্ছে ‘যদি আমাকে জানতে সাধ হয়’, ‘আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা’, ‘ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে’, ‘চোখে যে মনের কথা বলে’, ‘গীতিময় সেই দিন চিরদিন’, ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম’, ‘পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা’সহ বেশ কিছু গান।

বছরের শুরুতেই সরাসরি গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘শুরুতেই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার ভালো কাটুক, সুন্দর কাটুক সবার মনের আশা আল্লাহ পূরণ করুক, এটাই চাওয়া আমার। আর এটা ভীষণ সত্যি কথা যে, দেশের বাইরে থাকতে আমার একদমই ভালো লাগে না, এই দেশের মাটি, মায়া, ভালোবাসা, পরিবেশন ও কোলাহল সবকিছু ছেড়ে জীবনের প্রয়োজনে মাঝেমধ্যে থাকতে কষ্ট হয়।’

তিনি আরও বলেন, ‘যখন দেশে ফিরে আসি, তখন খুশিতে চোখে পানি চলে আসে। আমার দুই ছেলেরও দেশের প্রতি ভীষণ টান, যদিও ওরা বিদেশে পড়াশোনা করে; কিন্তু ওরা দেশে বেড়াতে এলে আর যেতে চায় না। আজকের সরাসরি গানের অনুষ্ঠানে যে গানগুলো গাইব, এর মধ্যে কিছু গান শ্রোতারা সবসময়ই শুনে থাকেন, কিছু গান কম শোনা হয়েছে। আশা করছি, আজকের আয়োজনটি অনেক সুন্দর হবে। সবাইকে প্রিয়জনের গানে আমার গান শোনার জন্য বিনীত অনুরোধ রইল।’

শগগিরই দিঠি তার বাবা গাজী মাজহারুল আনোয়ারের নামে ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন। পাশাপাশি টানা ছয় বছরের ধারাবাহিকতায় আগামী ৪ জানুয়ারি রাজধানীর গুলশানে দিঠির বাসভবনে ‘উইন্টার গার্ডেন’ পার্টি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত