খালেদা জিয়ার জন্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল আজ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি।

শুক্রবার (২ জানুয়ারী) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। গতকাল বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনও শুক্রবার বেগম খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত