গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফাঁসিতলা সোনালী ব্যাংকের সামনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, ওই মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে মোটসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা হলেন- পৌর এলাকার বুজরোক বোয়ালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জনি (৩৯) ও নাকাই ইউনিয়নের মালেনিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিদ্দিক (৪০)। দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। তিনি আরো জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও ড্রাইভার পালিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
