হাদি হত্যাকারী শুটার ফয়সালের দুবাই থাকার দাবি ভূয়া!

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম

শরীফ ওসমান হাদী হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল করিমের সাম্প্রতিক দুটি ভিডিও বার্তা প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম দিয়েছে। ভিডিওতে তাকে দাবি করতে শোনা যায়, তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তিনি নিজেই দুবাই ভ্রমণের ভিসা ও ট্রাভেল ডকুমেন্ট দেখান। ফয়সাল এতে হাদী হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তবে তার এই দাবি ও উপস্থাপনাকে ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন ডিএমপির কর্মকর্তারা। এ প্রসঙ্গে প্রশ্ন উঠেছে, তিনি যদি নির্দোষ হন, তাহলে পালিয়ে গেলেন কেন?

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফয়সাল করিমের দুবাই অবস্থানের দাবি এখনো নিশ্চিত নয়। তবে তার দাবি সম্পূর্ণ মিথ্যা। ডিএমপির একজন মুখপাত্র বলেন, সে যে নির্দোষ দাবি করছে, এটা ১০০ ভাগ মিথ্যা। সে এইটার সাথে যে জড়িত। সে খুন করেছে, আমরা ১০০ ভাগ কনফার্ম। পুলিশ সূত্রে আরো জানানো হয়, ফয়সালের এই বক্তব্য হাদী হত্যার তদন্তে কোনো প্রভাব ফেলবে না। এ ঘটনায় আগামী ৭ জানুয়ারির মধ্যে চার্জশিট দেওয়া হবে।

হাদী হত্যার তদন্তে ডিএমপি তথ্য প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহার সহায়তা নেয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিনা, তা যাচাই করা হয়। তানভীর হাসান জোহার দাবি, তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত যে ফয়সাল দুবাইয়ে পালাতে পারেনি। তিনি তার বিশ্লেষণে বলেন, একটি বিষয় সুনিশ্চিতভাবে বলা যায় যে, উনি অবশ্যই ভারত থেকে দুবাইতে যায়নি। তার পাসপোর্ট ইতিমধ্যে সংগত কারণেই ব্লক আছে। পাশাপাশি, ওই ভিসা ফর্মের সিরিয়াল নম্বরটিও ভুয়া।

ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষক তানভীর হাসান জোহা আরও একটি যুক্তি তুলে ধরেন। তিনি ভিডিওর পরিবেশগত শব্দ (এম্বিয়েন্ট সাউন্ড) বিশ্লেষণের কথা বলেন। তার মতে, এম্বিয়েন্ট সাউন্ডের যদি গড় হিসাব করি, তাহলে দেখা যায়, এটা সাউথ এশিয়া বা বাংলাদেশ-কলকাতার শহরের পরিবেশের সঙ্গে মিলে। কিন্তু এটি দুবাই শহরের পরিবেশগত শব্দের গড়ের সঙ্গে মেলে না।

দ্য ডিসেন্ট সম্পাদক কদরুদ্দিন শিশির তার এক ফেসবুক পোস্টে জানান, একটা ভিডিওতে ফয়সাল তার ভিসার কপি মোবাইলে দেখিয়েছেন তার দুবাইয়ের মাল্টিপল ভিসা আছে এটা প্রমাণ করতে। কিন্তু তিনি ভিসার কপিটি একটি মোবাইলে ওপেন করে সেটি আরেকটি মোবাইল থেকে দেখিয়েছেন। যে মোবাইল থেকে ভিসার কপির পিডিএফ ফাইল ওপেন করেছেন সেই পিডিএফ রিডারটি সফটওয়ারটি আনপেইড হওয়ায় উপরের ডান কোণায় বিজ্ঞাপন দেখাচ্ছে ‘Blinkit’ নামে ভারতীয় একটি পণ্য ডেলিভারি অ্যাপের। বাম কোণায় দেখাচ্ছে ‘Install’ করার অপশন। এটি যে কোন আনসাবস্ক্রাইবড পিডিএফ রিডারের ক্ষেত্রেই হয়ে থাকে। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখায়। যেহেতু ফয়সালের মোবাইলে ভারতীয় পণ্য ডেলিভারি অ্যাপের বিজ্ঞাপন দেখাচ্ছে, তা থেকে সম্ভাবনা দেখা দেয় যে, তার মোবাইলের লোকেশন ভারতের কোথাও হতে পারে। তবে এটা নিশ্চিত করে প্রমাণ করে না তার লোকেশন ভারতে। মূল কথা হল, ফয়সাল দুবাইয়ে এটা কোনভাবেই প্রমাণিত না।

গত ১২ ডিসেম্বর দিনে দুপুরে পুরানা পল্টনের একটি লেনে গুলি করে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে, এই হত্যায় সরাসরি অংশ নেন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ও যুবলীগ নেতা আলমগীর। ঘটনার পরই তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যান। এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত