নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা বিজিবি সদস্যের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিওপি ক্যাম্পে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম। নিহত বিজিবি সদস্যের নাম মো. নাসিম উদ্দীন (২৪)। সিপাহী নম্বর-১১৪৬০৪। তিনি ঝিনাইদহের সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল ম-লের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে দায়িত্বপ্রাপ্ত অস্ত্র গ্রহণ করেন সিপাহী নাসিম উদ্দিন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যারাকের বারান্দায় নিয়ে আসেন। পরে সেখান থেকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফুলবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত