বিজিবির বাধায় রিং ব্রিজ ফেলে সরে গেল বিএসএফ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি বিওপি এলাকার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে নির্মাণাধীন একটি রিং ব্রিজ ফেলে কৌশলে সরে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৮২৮/২-এস সীমান্ত পিলারের কাছে বিএসএফ সদস্যরা একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালান। অভিযোগ রয়েছে, গতকাল জুমার নামাজের সময় সীমান্ত এলাকায় জনবল কম থাকার সুযোগ নিয়ে তারা কাজ শুরু করে। তবে নিয়মিত টহল ও নজরদারির সময় বিষয়টি বিজিবির নজরে আসে। বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ অসম্পূর্ণ রেখে দ্রুত সরে যান।

ধবলসুতি বিওপি কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন বলেন, সীমান্ত এলাকায় একতরফাভাবে ও অননুমোদিত কোনো স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন ও দুই দেশের বিদ্যমান সমঝোতার পরিপন্থী। এ ধরনের কর্মকা-ের বিষয়ে বিএসএফকে মৌখিকভাবে আপত্তি জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত