বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে ভাঙচুর-লুট

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ফকিরবাড়ি রোডে অবস্থিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কার্যালয়ে ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। একই ভবনের দোতলায় থাকা গণশিল্প সংস্থার কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেছে দলটি। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা জানান, বিষয়টি জানতে পেরে তারা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভাঙচুরে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।

কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের সাড়া পাওয়া যায়নি।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘ ৪৮ বছর ধরে ভাড়া নিয়ে ওই কার্যালয়ে দলটির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই কার্যালয়ের মালিক মহানগর যুবলীগের আহ্বায়ক পলাতক নিজামুল ইসলাম নিজামের ছেলে তামিম ও তার সহযোগীরা অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায়। তারা চেয়ার, টেবিল ও ফ্যান ভেঙে ফেলে এবং কয়েকটি সিলিং ফ্যান ও একটি স্ট্যান্ড ফ্যানসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও মালামাল নিয়ে যায়। এ ঘটনায় কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক মূল্য লক্ষাধিক টাকা।

জাতীয় কৃষক সমিতির সভাপতি ও জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মুজাম্মেল হক ফিরোজ বলেন, নিয়মিতভাবে অফিস ভাড়া পরিশোধ করা হচ্ছিল। এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনায় রাজনৈতিক কর্মকা- ব্যাহত হচ্ছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবি করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান, এটি রাজনৈতিক কোনো বিষয় নয়; ভাড়াটিয়া ও মালিক পক্ষের মধ্যকার বিরোধ। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত