মেঘনায় জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ নৌকাডুবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

ভোলার মেঘনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ৩০০ মণ লবণসহ এমভি দিলোয়ারা-৩ নামে একটি নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নৌকার মাঝি ও শ্রমিকরা জানান, এদিন রাতে মাঝ মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকার পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তারা লক্ষ করেন তাদের নৌকায় পানি ঢুকছে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে মাঝিসহ অন্যান্য শ্রমিকরা নৌকায় উঠে তীরে আসেন।

নৌকার মাঝি বিল্লাহ হোসাইন বলেন, ‘গত বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া থেকে নৌকায় ৩০০ মণ লবণ বোঝাই করে চট্টগ্রাম চ্যানেল থেকে যাত্রা শুরু করি। ভোলার মেঘনা নদী হয়ে খুলনা যাওয়ার পথে আমাদের বোটটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। এতে বোটটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ-থানা পুলিশের ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত