খুলনায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এঘটনায় ভ্যান চালকসহ পাঁচজন আহত হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে শুক্রবার (২ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালিপদ মন্ডল গুটুদিয়া গ্রামের মৃত জুড়ারাম মন্ডলের ছেলে। আহতরা হলেন- ভ্যান চালক সবুজ মন্ডল, সাহিদ গাজী, ইকবাল সরদার, গুটুদিয়া মঠের পুরোহিত মৃত্যুঞ্জয় রায় ও আয়শা বেগম।

খর্নিয়া হাইওয়ে থানাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এক পর্যায়ে দ্রুত গতির অ্যাম্বুলেন্সটি সড়কের বিপরীত পাশে যেয়ে গুটুদিয়াগামী দুইটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। এদের মধ্যে কালিপদ মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করে। আহত অন্যরা ডুমুরিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত