ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

ভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মা হোসনে আরা বেগম। শনিবার (৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে হোসনে আরা বেগম বলেন, ২৪ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে ঢাকায় যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তার ছেলে সিফাত হাওলাদার বাড়ি থেকে বের হন। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের বাড়ির পাশেই আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্তদের কয়েকজন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তারা জাতীয় পার্টি ও সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় রয়েছেন।

তিনি বলেন, আমার সন্তানের হত্যার প্রতিবাদে ২৯ ডিসেম্বর জেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হলে নতুন বাজার এলাকায় পৌঁছে জাতীয় পার্টির মদদপুষ্ট সন্ত্রাসীরা বাধা দেয়। এরপর থেকেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি অবিলম্বে সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বিষয়টি তদন্তে প্রধান উপদেষ্টাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত