নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ, ঝুলন্ত অবস্থায় উদ্ধার ব্যবসায়ীর লাশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ময়নুল হোসেন (৪৮) নামের এক কলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার পশ্চিম পান্থাপাড়া গ্রামের একটি বাঁশঝড় থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ময়নুল হোসেন গ্রামের মৃত দানেশ তালুকদারের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌর বাজারে কলার ব্যবসা করতেন।

জানা গেছে, ময়নুল হোসেন শুত্রবার ভোরে ফজরের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সকাল থেকে নিকটতম আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী বেলাল তালুকদারের বাঁশঝড়ের বাঁশের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ময়নুল তালুকদারকে দেখতে পেয়ে স্থানীয়রা নিকটস্থ থানায় খবর দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষীতে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে নিহতের বড় ভাই নজরুল ইসলাম তালুকদার থানায় একটি অস্বাভাবিক মৃত মামলা দায়ের করেন। তবে মৃত্যুর রহস্য এখনও জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত